বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাসহ ৭২ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) রদবদল করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন পূর্ণ ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে মোট ৯৬ জনকে বদলি করা হয়েছে।
বদলির আদেশে স্পেশাল রেসপন্স ইউনিট বা এসআরইউ (সাবেক এটিইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট বা মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।
অপর আরেক আদেশে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে, পুলিশ সদরদপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, নির্বাচিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদে বা স্থানে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হলো। নথি অনুযায়ী, কর্মকর্তাদের সবাই বর্তমানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাস্তব প্রশিক্ষণকালীন কর্মস্থলে ছিলেন। প্রশিক্ষণ শেষে তাদের দেশের বিভিন্ন জেলা ও পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৭২ শিক্ষানবিশ এএসপি’র মধ্যে ২৮ জনকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, গাজীপুর ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদের সিআইডি, পিবিআই, এপিবিএন, শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ হেডকোয়ার্টার্স এবং বিভিন্ন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে এম এম তারিক-উল্লাহ, মো. রাইসুল ইসলাম, শাওন রেজা ও মো. আশিকুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার করা হয়েছে। মো. জামাল হোসেনকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সহকারী কমিশনার এবং শাহেদুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
মো. মোকছেদুল মমিনকে সিআইডি, আশীষ কুমার বিশ্বাসকে এপিবিএন এবং রিয়াজ খানকে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার করা হয়েছে। মেহেদী হাসান আমজাদ ও হাসিবুল হাসান শিপনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার এবং তানভীর আহমেদ ও মোহাম্মদ মোতাইনুল ইসলামকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার করা হয়েছে।
এ ছাড়া মো. আবদুল্লাহ আল সাদমানকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার, মো. মনজুরুল আলমকে রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুরের সহকারী পুলিশ সুপার এবং সরকার ফরহাদ আহমেদকে সিএমপি’র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে কয়েকজন শিক্ষানবিশ এএসপিকে পুলিশ হেডকোয়ার্টার্সে ট্রেনিং রিজার্ভ (টিআর) পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মো. আবু সিয়াম, মো. সাব্বির আহমেদ, মিয়াজী আলিফ ইমরান, মো. মাকসুদুল হাসান, নাজমুল সাদাত, মো. লতিফুল হাসান বাঁধন ও মো. হাদিউল ইসলাম।
অন্যদের মধ্যে তানভীর আহমেদকে সিআইডি, মো. রুহুল আমিন হাওলাদার ও মো. মোহসিন আহমেদকে এপিবিএন, মো. ফাহিম ফয়সালকে ট্যুরিস্ট পুলিশ এবং তোফাজ্জল হোছাইন সুমন ও রূপম দেবনাথকে পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নিজ নিজ জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের এসব পদে দায়িত্ব পালন করতে হবে।
