সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়ালো ২৬২ জনে। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে দুই হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৫১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬, খুলনা বিভাগে ৩৩০, ময়মনসিংহ বিভাগে ৯৯, রাজশাহী বিভাগে ২২৪, রংপুর বিভাগে ৮৩ ও সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২০ জন মারা গেছেন। উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
