এশিয়ান গেমস ও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজের জন্য জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ডে খেলতে পারছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। তবে তৃতীয় রাউন্ডে তাদের খেলার কথা রয়েছে। জাপান ও আমিরাত সফরের টানা ধকলের কথা বিবেচনা করে এই রাউন্ডের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ থেকে ২০শে অক্টোবর তৃতীয় রাউন্ড হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী সেটি মাঠে গড়াবে ১৮ থেকে ২১শে অক্টোবর।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করে বিসিবি। তারা জানিয়েছে, জাতীয় দলের টেস্ট ক্রিকেটারদের অতিরিক্ত একদিন বিশ্রামের সুযোগ করে দিতে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। এর ফলে তৃতীয় রাউন্ডে খেলার আগে একদিন বাড়তি বিশ্রাম পাবেন জাতীয় দলের খেলোয়াড়রা। এছাড়া তৃতীয় ও চতুর্থ রাউন্ডের মধ্যকার বিরতি একদিন কমিয়ে আনা হয়েছে। ফলে চতুর্থ রাউন্ডের সূচিতে কোনো পরিবর্তন আসেনি। আগের সূচি অনুযায়ীই ২৪ থেকে ২৭শে অক্টোবর অনুষ্ঠিত হবে এনসিএলের চতুর্থ রাউন্ড।
চলতি মাসের ৯ই অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে টেস্ট স্কোয়াডের সদস্যরা আরব আমিরাতে পৌছেছেন। এশিয়ান গেমসে অংশ নেয়া ক্রিকেটাররা আজ জাপান থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিবেন। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। তবে ১৩ই অক্টোবর টেস্ট শেষ হওয়ার পর জাতীয় দলের যেসব ক্রিকেটার ওয়ানডে দলে নেই তারা দেশে ফিরে জাতীয় ক্রিকেট লীগে অংশ নেবেন।
