এশিয়ান গেমসে বাংলাদেশের আশানুরূপ ফল না পাওয়ার কারণ খুঁজে বের করতে অংশগ্রহণকারী সব ফেডারেশনের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। এ লক্ষ্যে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালককে একটি মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের ফলাফল নিয়ে হতাশ আমিনুল হক। টুর্নামেন্টের ফল দিয়ে পুরো প্রক্রিয়াকে বিচার করতে চান না তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই, এই ভুল থেকে যাতে আমরা শিক্ষা নিই। যে রেজাল্টটা হয়েছে, সেটা অত্যন্ত হতাশাজনক।’
প্রতিমন্ত্রী জানান, শুধু ফুটবল নয়, এশিয়ান গেমসে অংশ নেওয়া প্রতিটি ফেডারেশনের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। পাশাপাশি এশীয় অঞ্চলের ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া ফেডারেশনগুলোর খেলোয়াড়দের পারফরম্যান্সসহ সার্বিক বিষয়ও আনা হবে মূল্যায়নের আওতায়। তিনি বলেন, প্রতিটি ফেডারেশন থেকে খেলোয়াড়দের পারফরম্যান্স ও অন্যান্য বিষয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন নেয়া হবে, এরপর সার্বিক বিষয় নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে। দেশের স্টেডিয়ামগুলোতে দোকান বরাদ্দ ও ভাড়ার ক্ষেত্রে দীর্ঘদিনের অনিয়ম নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তার দাবি, কোথাও সরকার সামান্য ভাড়া পেলেও একই দোকানের জন্য প্রকৃত ভাড়া আদায় হচ্ছে অনেক বেশি। কমলাপুর স্টেডিয়াম, ঢাকা স্টেডিয়াম ও মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভাড়ার কাঠামো পর্যালোচনায় ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। স্টেডিয়ামের পরিবেশ ক্রীড়াবান্ধব করার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামসহ বিভিন্ন জায়গায় থাকা রিকশার গ্যারেজ বন্ধ করা হয়েছে এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে রিকশা চার্জ দেয়ার ব্যবস্থাও বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ইতোমধ্যে কাজ চলমান আছে। আশা করছি, এই ডিসেম্বরের মধ্যেই আমরা একটা কংক্রিট রেজাল্ট আপনাদের কাছে দিতে পারবো, ইনশা আল্লাহ।’ অন্তর্বর্তী সরকারের সময়ে ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অভিযুক্ত করা ঠিক হবে না বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে কাউকেই অভিযুক্ত করা যায় না। আপনারা একটু সময় দেন। যেটা সঠিক, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করা হবে।’
