ইরানপন্থী বাহিনীর বিরুদ্ধে বড় সামরিক অভিযানের ঘোষণা

ইরানপন্থী বাহিনীর বিরুদ্ধে বড় সামরিক অভিযানের ঘোষণা

ফন্ট সাইজ:

ইরান মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকার। রোববার দেশটির প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি এ ঘোষণা দিয়েছেন।
এর আগে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে জানান, হুতিদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব ও তাদের মিত্র ইয়েমেনি বাহিনী।
পরিকল্পনা অনুযায়ী, আকাশপথে হামলার নেতৃত্ব দেবে সৌদি বাহিনী এবং স্থলভাগে লড়াই করবে ইয়েমেনি সেনারা।
টেলিভিশনে দেয়া ভাষণে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি বলেন, আজ আমি প্রজাতন্ত্রের অবশিষ্ট ভূখণ্ড পুনর্দখল এবং পুরো জাতীয় ভূখণ্ডে রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি।

২০১৫ সালে সৌদির নেতৃত্বাধীন একটি আরব জোট ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে তারা ওই অভিযানে নামে। এর আগে হুতিরা রাজধানী সানা থেকে ওই সরকারকে উৎখাত করেছিল।
পরবর্তীতে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে ২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যা মোটামুটি কার্যকর ছিল। তবে চলতি বছর ইরান যুদ্ধের প্রভাব ইয়েমেনেও ছড়িয়ে পড়ে। এরপর হুতিরা সৌদি জাহাজ ও তেল অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

গত সপ্তাহে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দেশটিতে সংঘাত ফের বেড়ে যাওয়ার প্রভাবে ইয়েমেনের কিছু এলাকায় প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটি পরিবার খাদ্যসংকটে রয়েছে।
সংঘাতের তীব্রতা বৃদ্ধিতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং লাখো মানুষের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে।