পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করার হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। ফলে সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রপ্তানি করা যাবে না—হাইকোর্টের দেয়া সেই শর্ত আপাতত কার্যকর থাকছে না। রোববার এক আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্ট বিভাগের ৬ই আগস্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।
এর আগে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে রিট পিটিশন নং-৫৪১৯/২০২৬-এর ওপর ৬ই আগস্ট আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশে বলা হয়, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেয়া বাধ্যতামূলক হয়ে পড়ে।
হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে রাষ্ট্রের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে Civil Petition for Leave to Appeal No. 3659 of 2026 দায়ের করেন। আজ ওই আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।
ফলে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের যে শর্ত হাইকোর্টের আদেশে আরোপ করা হয়েছিল, তা আপাতত স্থগিত রয়েছে।
হাইকোর্টে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সাল মোহাম্মদ ফায়েজী।
পান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। সংশ্লিষ্টরা বলছেন, প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ করে রপ্তানি কার্যক্রম পরিচালিত হলে পানচাষি ও রপ্তানিকারকদের জন্য নতুন বাজার সৃষ্টি এবং এ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়তে পারে।
