ফুটবলে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরেকবার প্রমাণ করলেন রবার্ট লেভানদোভস্কি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে উয়েফা নেশনস লীগের মঞ্চের রেকর্ড বইয়ে নতুন ইতিহাস গড়লেন পোল্যান্ডের এই অভিজ্ঞ স্ট্রাইকার। রোমানিয়ার বিপক্ষে ৬-০ গোলের দাপুটে জয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন তিনি।
নেশনস লীগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার কীর্তি এখন এই পোলিশ মহাতারকার দখলে। ওয়ারশতে রোমানিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পোল্যান্ড। ২৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর, ৪৭ ও ৮৬ মিনিটে আরও দুই গোল করে ক্যারিয়ারের সপ্তম আন্তর্জাতিক হ্যাটট্রিক পূর্ণ করেন লেভা। ৩৮ বছর ৪২ দিন বয়সে এই হ্যাটট্রিক করে তিনি ভেঙে দেন ২০১৯ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩৪ বছর ১২০ দিন বয়সে হ্যাটট্রিক করা রোনালদোর রেকর্ডটি। ম্যাচটিতে শেষ গোল করার পর লেভার উদযাপনও বেশ নজর কাড়ে। কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থ লামিন ইয়ামালের বিখ্যাত ভঙ্গি নকল করে গোল উদযাপন করেন তিনি। এই জাদুকরী পারফরম্যান্সের সুবাদে পোল্যান্ডের জার্সিতে ১৭০ ম্যাচে লেভার মোট আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়ালো ৯২টিতে। এর মধ্য দিয়ে মালয়েশিয়ার কিংবদন্তি মোক্তার দাহারিকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে ষষ্ঠ স্থানে উঠে এলেন তিনি। এছাড়া ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদো (১৪৭) ও রোমেলু লুকাকুর (৯৪) পরেই তৃতীয় স্থানে অবস্থান করছেন এই পোলিশ স্ট্রাইকার।
আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিকের পরিসংখ্যানেও বড় মাইলফলক স্পর্শ করেছেন ৩৮ বছর বয়সী লেভা। পোল্যান্ডের জার্সিতে এটি তার সপ্তম হ্যাটট্রিক। এর মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেন হাঙ্গেরির কিংবদন্তি স্যান্ডর ককসিসকে। পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১টি হ্যাটট্রিক নিয়ে তালিকার চূড়ায় রয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। আর ১০টি হ্যাটট্রিক নিয়ে দুইয়ে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছেলে ও মেয়ে মিলিয়ে ১২টি হ্যাটট্রিক নিয়ে চূড়ায় যুক্তরাষ্ট্র নারী দলের সাবেক স্ট্রাইকার অ্যালেক্স মরগান।
ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও লেভানদোভস্কির এই গোলক্ষুধা ও পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি এখনো ইউরোপের অন্যতম সেরা ও ভয়ঙ্কর স্ট্রাইকার। গত জুনে বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ারে যোগ দিলেও পোলিশ জার্সিতে তার ধার একটুও কমেনি। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ (১৭০) খেলা এবং সর্বাধিক গোলের (৯২) অবিসংবাদিত রেকর্ডধারী হিসেবে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি সোনালী অধ্যায় যোগ করলেন লেভা।
