আবাসন ব্যবস্থা আটকে যাওয়ার পর স্পেনে ফের বিক্ষোভ

আবাসন ব্যবস্থা আটকে যাওয়ার পর স্পেনে ফের বিক্ষোভ

ফন্ট সাইজ:

আবাসন সংকট নিয়ে শনিবার মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভ হওয়ার কথা। এর এক দিন আগে ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদারে সরকারের আনা দুটি প্রস্তাব পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে। মাদ্রিদের একটি অ্যাপার্টমেন্টে প্রায় সাত দশক বসবাস করেন ৮৭ বছর বয়সী মারিকারমেন। কিন্তু তাকে বসবাসকালেই স্ট্রেচারে করে উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। সেই বিক্ষোভের পর সরকার ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদারে এই দুটি ব্যবস্থা প্রস্তাব করে। প্রস্তাবগুলো প্রত্যাখ্যাত হওয়ায় সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের জন্য এটি আরেকটি রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ২০২৭ সালে নির্ধারিত পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত তার সংখ্যালঘু সরকার টিকে থাকতে পারবে কি না, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। দুটি ডিক্রি অনুমোদনে গুরুত্বপূর্ণ সমর্থন প্রয়োজন ছিল কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুনৎসের। কিন্তু দলটি প্রস্তাব দুটির বিপক্ষে ভোট দেয়। তাদের দাবি, প্রস্তাবগুলো যথেষ্ট কঠোর ও সুনির্দিষ্ট নয়। ভোটের পর প্রধান বিরোধী রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো সানচেজকে যত দ্রুত সম্ভব নির্বাচন ডাকতে আহ্বান জানান। তিনি বলেন, আট বছর ক্ষমতায় থাকার পর সানচেজের পক্ষে রাজপথেও সমর্থন নেই, পার্লামেন্টেও নেই। সাম্প্রতিক জনমত জরিপগুলোতেও সাধারণভাবে সমাজতন্ত্রীদের চেয়ে বিরোধী পপুলার পার্টিকে এগিয়ে রাখা হয়েছে। বিক্ষোভ সমন্বয়কারী টেন্যান্টস ইউনিয়ন শনিবার ৫০টিরও বেশি শহরে বিক্ষোভের ডাক দিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, জনগণ যা চায় এবং রাজনৈতিক দলগুলো যে বিষয়ে ভোট দেয় এই দুটির মধ্যে অপূরণীয় বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। মাদ্রিদে আন্দোলনকারী ও বিক্ষোভকারীরা প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র পুয়ের্তা দেল সলে অবস্থান করছেন। শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হবেন। পরে তারা মধ্য মাদ্রিদের প্লাজা দে সিবেলেসে গিয়ে একত্রিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার পার্লামেন্টে প্রত্যাখ্যাত আবাসন ব্যবস্থাগুলোর মধ্যে ছিল ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে নবায়নের বিধান। এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভাড়াটিয়াদের উচ্ছেদ সীমিত করার ব্যবস্থাও ছিল।