ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল, ডিজেল ছাড়বে জি৭

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল, ডিজেল ছাড়বে জি৭

ফন্ট সাইজ:

বিশ্ববাজারে সরবরাহের ওপর চাপ কমাতে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে জি৭ জোট। সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে উন্নত অর্থনীতির দেশগুলোর এই জোট। যুক্তরাষ্ট্রসহ জি৭-এর সদস্য দেশগুলো জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়া হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার হুমকি দেন। এমন পদক্ষেপ নিলে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর জ্বালানির দামের চাপ কিছুটা কমতে পারত। তবে এর ফলে বিশ্বের অন্যত্র ডিজেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

এক যৌথ বিবৃতিতে জি৭ জানিয়েছে, সদস্য দেশগুলো পরস্পরের বিরুদ্ধে ‘জ্বালানি ও জ্বালানি পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে’ সম্মত হয়েছে। জি৭-এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নও জোটটির বৈঠকে প্রতিনিধিত্ব করে।

ইউরোপীয় দেশগুলো নিজেদের মজুত থেকে আরও বেশি ডিজেল বাজারে না ছাড়লে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি বন্ধ করে দেয়ার হুমকি দেন ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ইউরোপ তাদের বিপুল মজুতের ডিজেল থেকে বিশাল পরিমাণ বাজারে ছাড়তে সম্মত হয়েছে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। তার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যুক্তি দেন, জ্বালানির দাম বাড়তে থাকায় মার্কিন কৃষক, ট্রাকচালক ও ব্যবসায়ীদের এই বোঝা বহন করতে বাধ্য করা উচিত নয়। পরিবহন খাত ও কৃষিতে ব্যাপকভাবে ডিজেল ব্যবহার করা হয়। ফলে ডিজেলের দাম বাড়লে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামেও এর প্রভাব পড়ে।

তবে জি৭ নেতাদের বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, আগামী চার মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে সর্বোচ্চ ১০ কোটি ব্যারেল জ্বালানি মজুত থেকে বাজারে ছাড়ার বিষয়ে জোটটি সম্মত হয়েছে। বৈঠকে বৃটেনের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি বলেছেন, এসব পদক্ষেপ জ্বালানি সরবরাহ স্থিতিশীল করবে, সরবরাহ ব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়াবে এবং মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সুরক্ষা দেবে। ম্যাক্রন বলেন, সমন্বিত এই পদক্ষেপ পেট্রোলিয়ামজাত পণ্যের দাম, বিশেষ করে ডিজেলের দাম কমাতে সহায়তা করবে। রপ্তানি নিষেধাজ্ঞা না দেয়ার বিষয়ে চুক্তির কথা তুলে ধরে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে এই বিষয়ে খুব স্পষ্ট।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার বিষয়টি কখনোই সত্যিকার অর্থে আলোচনার টেবিলে ছিল না। যৌথ বিবৃতিতে জি৭ নেতারা বলেছেন, আমরা চার মাসের মধ্যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাধ্যমে ১০ কোটি ব্যারেল জ্বালানি সমন্বিতভাবে বাজারে ছাড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই জি৭ সদস্য ও অংশীদার দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়বে।