‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ পুরুষ বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে লামা উপজেলা পুরুষ দলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল। শুক্রবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে গোলশূন্য ০-০ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে টাইব্রেকারে বান্দরবান সদর উপজেলা ৪-৩ গোলে লামা উপজেলাকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে তাদের প্রতিপক্ষ আলীকদম উপজেলা।
ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য বান্দরবান সদর উপজেলা দলের গোলরক্ষক ইমন বড়ুয়াকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। টাইব্রেকারের গুরুত্বপূর্ণ সময়ে দুটি গোল সেভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ ইমন বড়ুয়ার হাতে পুরস্কার তুলে দেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড, মেজর মো. রেজোয়ানুর রশিদ রাজীব, পিএসসি, বিএম। এ সময় বান্দরবান সেনা রিজিয়নের জিএস-২ মেজর পারভেজ রহমান উপস্থিত ছিলেন। আগামীকাল সকালে নারী বিভাগের ফাইনালে বান্দরবান সদর ও থানচি উপজেলা নারী দল মুখোমুখি হবে। একই দিন বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বান্দরবান সদর উপজেলা ও আলীকদম উপজেলা পুরুষ দল পরস্পরের মোকাবিলা করবে।
