জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ২০২৬-২৭ মৌসুম শুরু হচ্ছে আজ। দেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ ও দীর্ঘতম ফরম্যাটের এটি ২৮তম সংস্করণ। এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট বিভাগীয় ক্রিকেট দল। সাত রাউন্ডের এই প্রতিযোগিতায় হবে মোট ২৮ ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। আগামী ১৭ই নভেম্বর শেষ রাউন্ডের খেলার মধ্যদিয়ে এনসিএলের পর্দা নামবে।
উদ্বোধনী দিনে চারটি ম্যাচ মাঠে গড়াবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ। মিরপুর স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে লড়বে রংপুর। যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও রংপুরের নেতৃত্বে থাকছেন আকবর আলী। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম ও রাজশাহী। আর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ বরিশাল। চার দিনের এই ম্যাচগুলো চলবে ৩ থেকে ৬ই অক্টোবর।
মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও হবে এবারের এনসিএলের ম্যাচ। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শুরুর দিকের কয়েকটি রাউন্ডে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারকে পাওয়া যাবে না। শান্ত-লিটনরা ব্যস্ত থাকবেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। এছাড়া ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ফলে শুরুর কযেক রাউন্ড মিস করবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
