সরকারি কোনো অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও রিপোর্ট দেয়ার অভিযোগে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে অবস্থিত ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে দেখা যায়, ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল টেস্ট সম্পন্ন করে রিপোর্ট দেওয়া হয়েছে। এসব কার্যক্রম পরিচালনার কোনো সরকারি অনুমতি প্রতিষ্ঠানটির ছিল না।
এ ছাড়া একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’-এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে অপর একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর প্রমাণও পাওয়া যায়।
জনস্বার্থে এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো ধরনের অনিয়ম, প্রতারণা এবং অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।
অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামীদের মেডিকেল, ‘হিউম্যান ডায়াগনস্টিক’ সিলগালা
স্টাফ রিপোর্টার
অনলাইন
৫৬ মিনিট আগে
২ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৩ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
