ক্যান্সার জয় করে এক দশক পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন

ক্যান্সার জয় করে এক দশক পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন

ফন্ট সাইজ:

জীবনের অন্যতম কঠিন এক লড়াই জয় করে ঠিক এক দশক পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন নিক ম্যাডিনসন। টেস্টিকুলার ক্যান্সারের ধকল সামলে ও দীর্ঘ কেমোথেরাপির জটিলতা পেরিয়ে ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে যোগ করেছে অস্ট্রেলিয়ান নির্বাচকরা। একই সঙ্গে ডাক পেয়েছেন ভারত সফরে ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করা উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম হার্পার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়া ক্যামেরন গ্রিন ও জশ ইংলিসের ব্যাকআপ হিসেবে মূলত তাদের টেস্ট স্কোয়াডে নেয়া হয়েছে। প্রথম ওয়ানডেতে ডান হাতের তর্জনীতে চোট পেয়ে ডারবান টেস্ট থেকে ছিটকে গেছেন ইংলিস। অন্যদিকে, শেষ ওয়ানডেতে তলপেটে বলের আঘাত পাওয়া অলরাউন্ডার গ্রিনের খেলা নিয়ে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা।

২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলা ম্যাডিনসনের ক্যারিয়ারের পথচলা মোটেই মসৃণ ছিল না। গত বছরের মাঝামাঝিতে তার টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর ৯ সপ্তাহের টানা কেমোথেরাপি এবং স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়ায় মাথার চুল ঝরে পড়ার পাশাপাশি তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণায় মাঠ থেকে ছিটকে পড়েন তিনি।

তবে হার না মেনে কেমোথেরাপি শেষের মাত্র ১০ দিন পরই আবার নেটে ব্যাট হাতে ফেরেন ম্যাডিনসন। এরপর চিকিৎসকদের চমকে দিয়ে বিগ ব্যাশ দিয়ে মাঠে ফিরে সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের হয়ে লিস্ট 'এ' ক্রিকেটে ১২৬ রানের এক ঝলমলে ইনিংস খেলেন।

প্রথম শ্রেণিতে ১২৯ ম্যাচে ১৮টি সেঞ্চুরিসহ ৭,৮৩২ রান করা ম্যাডিনসনের বহুমুখী ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ নির্বাচক প্রধান জর্জ বেইলি। ওপেনিংয়ের পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাট হাতে মানিয়ে নেয়ার দক্ষতার কারণেই তাকে সুযোগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অন্যদিকে, অভিজ্ঞ অ্যালেক্স ক্যারির উপস্থিতি নিশ্চিত থাকায় স্যাম হার্পারের অভিষেকের সম্ভাবনা কিছুটা কম। প্রথম শ্রেণিতে সবশেষ আট ইনিংসে ৩টি সেঞ্চুরি থাকায় তাকে স্কোয়াডে রাখা হয়েছে। আগামী সপ্তাহে টেস্ট সিরিজ শুরুর আগে শনি ও রোববার দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারী অস্ট্রেলিয়া।