মদিনার পর সৌদির আকাশে ফের ‘হামলার ঝড়’, ধ্বংস ৬ অস্ত্র

মদিনার পর সৌদির আকাশে ফের ‘হামলার ঝড়’, ধ্বংস ৬ অস্ত্র

ফন্ট সাইজ:

সৌদি আরবকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এসব হামলা চালানো হয়েছে। খবর আরব নিউজের।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, খামিস মুশাইতের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন এবং জাজানের আকাশে আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের আবাসিক এলাকায় পড়েছে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আল-মালিকি বলেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াকে প্রতিহত করতে আমরা কার্যকরী পদক্ষেপ অব্যাহত রাখব।’ সেই সঙ্গে সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা আগে তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, গত মঙ্গলবার ভোরে মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার পেছনে হুতিরাই ছিল।
তাইবা কেন্দ্র থেকে মসজিদে নববীসহ মদিনার বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অচল হয়েছে। তবে সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় এর কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে জোট।
মদিনার ওই হামলার ঘটনায় বৃহস্পতিবার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডান। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে বলেছে, সৌদি ও দেশটির পবিত্র স্থানগুলোর নিরাপত্তা জিসিসির সদস্য দেশগুলোর সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে হুতিরা। দেশটির বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।