দখল-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের যে বা যারাই এমন কর্মকাণ্ডে জড়াবে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন। মিরপুরের স্বাস্থ্যসেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তিনি পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে মিষ্টি গতকালই জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করায় ফেরদৌসী আহমেদের সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। রাড্ডায় দখলচেষ্টা, ইসিবি এলাকায় আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার সমালোচনার মধ্যেই বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই তিন সংগঠনের মোট ১১ জনকে বহিষ্কারও করা হয়েছে।
সাংগঠনিক ব্যবস্থা নেয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান নেতা-কর্মীদের কঠোর বার্তা দিয়েছেন, অপরাধী যত বড় নেতাই হোক না কেন— তাকে ছাড় দেয়া হবে না। ওদিকে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে যারা দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের তালিকা করা হচ্ছে বলে জানা গেছে। অপরাধ প্রমাণিত হলেই সাংগঠনিক ব্যবস্থাসহ বহিষ্কার করা হবে। অন্যদিকে তিন সংগঠনের কমিটি বিলুপ্ত ও নেতাদের বহিষ্কারের ঘটনা ঘিরে নানা আলোচনা চলছে সংগঠনগুলোর ভেতরে। কমিটি বিলুপ্ত এবং বহিষ্কারের ঘটনা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নেতৃত্বের জবাবদিহি এবং মাঠপর্যায়ের কর্মকাণ্ড নিয়ে নতুন করে বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। এর মধ্যে এমপি মিষ্টির পদত্যাগের ঘটনায় ভিন্ন মাত্রা পেয়েছে। তিন কমিটি ভেঙে দেয়ায় ঢাকা মহানগর বিএনপি’র রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ইতিমধ্যে নতুন কমিটিতে জায়গা পেতে সম্ভাব্য পদপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, কমিটি বিলুপ্ত এবং নেতাদের বহিষ্কারের ঘটনার বিষয়ে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে কথা হয়েছে মানবজমিন’র। তারা জানিয়েছেন, মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন কমিটি ভেঙে দেয়া হয়েছে এবং নেতাদের বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকেও পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নির্দেশের মধ্য দিয়ে বিএনপি’র এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রধানমন্ত্রী সতর্ক করলেন যে, বিএনপিতে কোনো দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের জায়গা হবে না। যারা অপরাধের সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি অপরাধের সঙ্গে জড়িত কি না, এ বিষয়ে একটি তদন্ত হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ওদিকে সংরক্ষিত নারী আসনে বিএনপি’র সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে। পরে নির্বাচন কমিশন জানিয়েছে মিষ্টির শূন্য হওয়া আসনে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, সরকার একটি সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করেছেন, অপরাধী যেই হোক, কোনো রাজনৈতিক ছাড় দেয়া হচ্ছে না। এজন্য সরকার নির্মোহভাবে কাজ করছে এবং যেখানে কোনো অপচেষ্টা বা অন্যায় হচ্ছে, সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে আইনি ব্যবস্থা নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের মূল অগ্রাধিকার। যদি কোনো দুষ্কৃতকারী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোর হাতে দমন করা হবে।
কেন কমিটি বিলোপ ও বহিষ্কার?
গত ২৪শে সেপ্টেম্বর রাতে মুখে মাস্ক ও মাথায় লাল কাপড় বেঁধে ২০০ থেকে ২৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিরপুরে রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। এ ঘটনায় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় সন্ত্রাসীদের নাম উঠে এসেছে। ওদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র কমিটি দলের কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বড় একটি অংশ। এই কমিটির ভেঙে দেয়ার ফলে পরবর্তী নেতৃত্ব নির্ধারণ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পুনর্বিন্যাসের প্রশ্ন উঠেছে। একইভাবে ঢাকা মহানগর উত্তর যুবদল ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্তির ফলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে অপেক্ষা। নতুন কমিটিতে কারা আসছেন এবং তৃণমূলের সক্রিয় নেতাদের কীভাবে মূল্যায়ন করা হবে— এসব প্রশ্ন দেখা দিয়েছে। কমিটি বিলুপ্তির পাশাপাশি নেতাদের বহিষ্কারের সিদ্ধান্তও আলোচনার চলছে। মূলত দখল ও চাঁদাবাজির অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ৩ নেতা, উত্তর যুবদলের ৩ নেতা, মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আইনি ব্যবস্থার মুখোমুখি হচ্ছেন মিষ্টি: প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপি পদ ছাড়েন। পদ ছাড়ার পর এখন তিনি আইনি ব্যবস্থারও মুখোমুখি হচ্ছেন।
ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে। তবে তদন্তে প্রমাণিত হওয়ায় আগে একজন সংসদ সদস্য হিসেবে তাকে নিয়ে কিছু বলা ঠিক হবে না।
ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপি’র মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০। সংবিধান অনুসারে, জাতীয় সংসদে দলগুলোর সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। বিএনপি’র মনোনয়নে এবার ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন। গত ৩০শে এপ্রিল সংরক্ষিত নারী সংসদ সদস্যদের গেজেট হয়। আর ৩রা মে তারা শপথ নেন।
উল্লেখ্য যে, রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেয়া, লুটপাট এবং জমি দখলের ঘটনার সঙ্গে ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর তার ভূমিকা ও রাজনৈতিক দায়ও আলোচনায় আসে। স্বাস্থ্যকেন্দ্র দখলের নেপথ্যে তিনি ভূমিকা রেখেছেন এবং তার লোকজন এই কাজে জড়িত ছিল বলে তথ্য এসেছে। ফেরদৌসী আহমেদ মিষ্টি মিরপুর এলাকার সাবেক কাউন্সিলর ছিলেন। তার স্বামী সাইদুর রহমান নিউটন মিরপুরে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। মিরপুরেই গুলিতে নিউটন নিহত হন। সাবেক ছাত্রদল সভাপতি প্রয়াত নাসির উদ্দিন পিন্টু ফেরদৌসী আহমেদ মিষ্টির বড় ভাই।
