ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার চলমান অভিযান অব্যাহত থাকবে এবং উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখল করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দ্বিগুণ শক্তি নিয়ে কঠোর অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। মিরপুর-১০ এলাকায় গতকালের উচ্ছেদ অভিযান পরিদর্শনের সময় আজ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক এসব কথা বলেন।

প্রশাসক বলেন, জনগণের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হবে। ফুটপাত পুনরায় দখলের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে তিনি গতকালের উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষে আহত সাংবাদিক সিফাতের পশ্চিম শেওড়াপাড়ার বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তিনি বলেন, ফুটপাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে যে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে, তা চলমান থাকবে। এ অভিযান কখনো থামবে না। তবে উচ্ছেদ অভিযান ও হকারদের বিষয়ে কারও সুনির্দিষ্ট ও গঠনমূলক পরামর্শ থাকলে তা বিবেচনা করা হবে।

হকারদের পুনর্বাসনের বিষয়ে প্রশাসক বলেন, হকারদের সঙ্গে আলোচনা করে এবং তাদের সম্মতি নিয়েই বিকল্প স্থানে ব্যবসার সুযোগ তৈরি করা হয়েছিল। এ জন্য ২০৪টি রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে তাদের আয়-উপার্জনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারা সেই সিদ্ধান্ত অনুযায়ী না চলায় আবার একই স্থানে অবৈধভাবে দোকান বসানোর চেষ্টা করছে।
তিনি বলেন, হকাররা অবশ্যই ব্যবসা করবেন, তবে জনগণের চলাচলের ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করে নয়। তাদের জন্য নির্ধারিত স্থানে তাদের ব্যবসা করতে হবে।