বিরতি শেষে আজ মাঠে ফিরছে বিএফএল

বিরতি শেষে আজ মাঠে ফিরছে বিএফএল

ফন্ট সাইজ:

সাময়িক বিরতি কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল)। জাতীয় দলের ব্যস্ততা ও ক্লাবগুলোর আপত্তি ও সূচি পুনর্বিন্যাসের দাবিকে মাথায় রেখে দ্বিতীয় রাউন্ডের খেলায় ১২ দিন বিরতি দেয়।

বিরতি শেষে লীগ মাঠে ফেরার দিনে রয়েছে তিনটি ম্যাচ। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব নতুন ভেন্যু চাঁদপুর জেলা স্টেডিয়ামে খেলবে ফকিরেরপুল ইয়াংম্যান্সের বিপক্ষে। নবাগত চট্টগ্রাম সিটি এফসির প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। আর ব্রাদার্স ইউনিয়ন খেলবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে। ম্যাচ তিনটি বিকাল ৩টায় শুরু হবে। দেখা যাবে টি স্পোর্টস ইউটিউবে। ঘরোয়া ফুটবলের এবার মৌসুমে শিরোপার লড়াইয়ে খেলছে ১৩টি ক্লাব। মোহামেডান ছাড়া বাকি দলগুলোর প্রথম রাউন্ডের খেলা শেষ। মোহামেডানের দলে থাকা ৯ ফুটবলার জাতীয় দলের হয়ে আসিয়ান কাপে খেলায় ক্লাবটির অনুরোধে প্রথম রাউন্ডে তাদের কোনো ম্যাচ রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ফলে ফকিরেরপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে পা রাখবে সাদা-কালোরা। নতুন মৌসুমের শুরুতে জাতীয় দলের থাকা ফুটবলারদের পাচ্ছে না ক্লাবটি। তবে চার বিদেশি ফুটবলার ইতিমধ্যে ক্লাবটিতে যোগ দেয়ায় শক্তি বেড়েছে মোহামেডানের। আক্রমণে ক্লাবটির ভরসা ইমানুয়েল সানডে। নাইজেরিয়ার এই ফরোয়ার্ড ফকিরেরপুলের বিপক্ষে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। রক্ষণ সামলানোর মূল দায়িত্ব থাকবে টনি আগাবাজির ওপর। প্রথমবার বিএফএলে খেলা ম্যাকলারেনও আক্রমণভাগে ত্রাস ছড়াতে পারেন। গোলরক্ষকের ভার থাকবে বসুন্ধরা কিংস থেকে এবার মোহামেডানে নাম লেখানো আনিসুর রহমান জিকোর কাঁধে। অন্যদিকে জয় দিয়ে বিএফএলের নতুন মৌসুম শুরু করেছে ফকিরেরপুল ইয়াংমেন্স। লীগে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ২-১ গোলে হারায় তারা। তবে শক্তিমত্তায় মোহামেডান এগিয়ে। দু’দলে মোট ৫ দেখায় ৩ ম্যাচ জয় সাদা-কালোদের। বাকি দুই ম্যাচে জয় ফকিরেরপুলের। পাঁচ ম্যাচে ১৪ গোল করার বিপরীতে মাত্র ৬ গোল হজম করেছে মোহামেডান। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। দুই দল তিন বার একে অপরের মুখোমুখি হয়। যেখানে ১টি ম্যাচ ড্র হওয়ার পাশাপাশি উভয় দলই ১টি করে ম্যাচে জয়লাভ করে।

তবে গত মৌসুমের সর্বশেষ দেখায় ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাসী অবস্থান থেকে খেলতে নামবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। নিজেদের হোম ভেন্যুতে সেরাটা দিতে চাইবে পিডব্লিউডি। আর ব্রাদার্স ইউনিয়নের লক্ষ্য থাকবে পুরনো হারের প্রতিশোধ নিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেয়া। দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লড়বে চট্টগ্রাম সিটি এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি। দুই দল প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে খেলবে। সাম্প্রতিক ফর্মের বিচারে পুলিশ এফসি কিছুটা এগিয়ে। প্রথম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে লীগে শুভ সূচনা করেছে তারা। অন্যদিকে, চট্টগ্রাম সিটি এফসি তাদের প্রথম ম্যাচে ফর্টিস এফসির কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়।