স্পন্সর ছাড়াই মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। যদিও বিসিবি নয়া টুর্নামেন্ট ডি-থ্রিতে এরই মধ্যে ছয়টি করপোরেট প্রতিষ্ঠান ছয় দলে যুক্ত হয়েছে। আগামীকাল শুরু হচ্ছে চারদিনের ক্রিকেটের এ টুর্নামেন্ট। অভিযোগ রয়েছে নতুন আসরে স্পন্সর টানতেই এনসিএলে কোনো পৃষ্ঠপোষক পাওয়া যায়নি। গতকাল বিসিবি মার্কেটিং কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সবারই আসলে খুব ভালো যাচ্ছে না। আমরা তো যথেষ্ট চেষ্টা করছি। তবে এখন সবাই ডি-থ্রিতে আসতে চায়। ব্যাপারটা এই জায়গায়। ডি-থ্রিটাতে সবাই মনে করছে এই জায়গাটার গুরুত্ব বেশি।’ অতীতের মার্কেটিং দলের কাজের ঘাটতি নিয়ে কথা বলেন মাসুদুজ্জামান।
বর্তমান সময়ে বোর্ডের কর্তারাই স্পন্সর পাওয়ার জন্য বিভিন্ন সংস্থায় যোগাযোগ করছেন বলে তার দাবি। পরিস্থিতি স্বাভাবিক হতে এক বছর সময় লাগবে বলে ধারণা দেন বিসিবি মার্কেটিং কমিটির চেয়ারম্যান।
বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীরও এনসিএলের পৃষ্ঠপোষক না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘না, না। কোনো টাইটেল স্পন্সর পাই নাই। আমরা সময় পাই নাই এবার। সময়ও খুব একটা হাতে ছিল না। দেশের ২৮তম জাতীয় ক্রিকেট লীগ আগামী তিন অক্টোবর আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে। চারটি ভেন্যুতে টুর্নামেন্টের মোট সাতটি রাউন্ড অনুষ্ঠিত হবে। এর আগে স্পন্সর ছিল মধুমতি ব্যাংক। ওই আসরের পূর্বেও দুই বছর স্পন্সর ছাড়া খেলা আয়োজিত হয়েছিল। অন্যদিকে আগে দীর্ঘ সময় ধরে এনসিএলের প্রধান পৃষ্ঠপোষক ছিল ওয়ালটন গ্রুপ। যারা সর্বশেষ ২০২১-২২ মৌসুমের আসরেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল। তবে এবার ওয়ালটন বিসিবির নয়া টুর্নামেন্টে একটি দলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে। এ বিষয়ে ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, ‘আমরা নতুন টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়েছি। আর এনসিএল খুব দ্রুত শুরু হচ্ছে তাই এবার আমরা এনসিএলের সঙ্গে যুক্ত হতে পারছি না।’
