বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন ডেভিড হেম্প। দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমস ক্রিকেটে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ সারওয়ার ইমরানকে সরিয়ে দেয় বোর্ড। সারওয়ারের চুক্তি আগামী মাস পর্যন্ত থাকলেও তা আর বাড়ানো হয়নি। অস্ট্রেলিয়া সফর দিয়েই দায়িত্ব শুরু করবেন হেম্প। তবে থাইল্যান্ড পর্যন্ত এসেও ভ্রমণ বিড়ম্বনার কারণে ফিরে যেতে হচ্ছে তাকে।
ফলে ৩ই অক্টোবর সরাসরি অস্ট্রেলিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। একই দিন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ
ছাড়বেন নিগার সুলতানা জ্যোতিরা। ৬ই অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর ৯, ১১ ও ১৪ই অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হেম্পের সম্পর্ক পুরনো। ২০২৩ সালের মে থেকে বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রামের প্রধান কোচ ছিলেন তিনি। ২০২৪ সালে দায়িত্ব নেন পুরুষ জাতীয় দলের ব্যাটিং কোচের। নারী দলের সঙ্গেও কাজ করেছেন আগে। ২০২৫ সালে পাকিস্তানে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই এবং চলতি বছর নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এর বাইরে ২০২০-২২ সালে পাকিস্তান নারী দলের প্রধান কোচ এবং অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া ও মেলবোর্ন স্টার্সের কোচ হিসেবেও কাজ করেন হেম্প।
