ঐতিহাসিক ৭ই মার্চ পালনে ফুল নিয়ে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে যাওয়ার পথে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাদের আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএিপি’র কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমণ্ডির ৩২ নম্বরে যাচ্ছিলেন। ওই মিছিলে ১০-১৫ জন ছিল। তাদের হাতে ফুলের মালা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন নারী ও একজন পুরুষ। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দু’জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। একইসঙ্গে সেখান থেকে সাউন্ড বক্স জব্দ করে অপারেটরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক চানখাঁরপুল মোড়ের এক দোকানি বলেন, ৩টা বাজে দোকান বসাইছি। তখন দেখি দু’জন আইসা ভাষণ বাজাইতেছে। পরে তাদের পুলিশ নিয়ে গেছে।
বিষয়টি নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই তাদের যেকোনো কার্যক্রমও নিষিদ্ধ। তবে ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ কিনা, এমন প্রশ্নের জাবাব দিতে রাজি হননি তিনি।
অপরদিকে হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ৭ই মার্চের ভাষণ বাজিয়ে মগবাজার এলাকায় পদযাত্রা করেছেন অভিনেত্রী মিষ্টি শুভাষ, ইকবাল হোসেনসহ চার তরুণ-তরুণী। দুপুর ১টার দিকে মগবাজার চার রাস্তা মোড় থেকে এফডিসি গেট হয়ে হাতিরঝিল এলাকা প্রদিক্ষণ করেন তারা।
মিষ্টি শুভাষ বলেন, ছোটবেলা থেকে আমরা ৭ই মার্চে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ শুনে আসছি। এই দিনটিতে বাসা থেকে বের হলেই সবখানে বেজে উঠতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ৭ই মার্চের ভাষণ। গত দেড় বছরে এটা শুনতে পাইনি। তাই আমরা কয়েকজন একটি সাউন্ড বক্স নিয়ে ৭ই মার্চের ভাষণ বাজাতে বাজাতে রাস্তায় নেমে পড়েছি।
