ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের আবেদন খারিজ, বিচারকার্য চলতে বাধা নেই

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের আবেদন খারিজ, বিচারকার্য চলতে বাধা নেই

ফন্ট সাইজ:

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.-এর দায়ের করা মামলার পুনঃতদন্ত চেয়ে কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে মামলাটির বিচারকার্য চলতে আর কোনো বাধা রইলো না।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মামলার পুনঃতদন্ত চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। ওই মামলায় তিনি প্রধান আসামি।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি.-এর আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদি হয়ে ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং-১৫(৯)২২)। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি ডিএমপির ডিবি পুলিশ তদন্তভার পায়। তারা ৪ বছর তদন্ত শেষে চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তবে তদন্ত চলাকালে কোম্পানিটির প্রতিষ্ঠাতা পরিচালক এজাহারভুক্ত ১ নং আসামি এম এ খালেক কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং ৫ নং আসামি তানভীরুল হক ও ৬ নং আসামি নূর মোহাম্মদ ডিকনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা হতে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু তদন্তে আরও ১৩ জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে নতুন করে আসামি করা হয়েছে।
চার্জশিটভুক্ত ২৪ আসামি হলেন- ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক পরিচালক ও এম এ খালেকের ছেলে শাহরিয়ার খালেদ, সাবেক পরিচালক ও এম এ খালেকের ছেলে রুবাইয়াত খালেদ, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা একরামুল আমিন, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আলী হোসেন, সাবেক ডিএমডি ও সিএফও মো. জাহাঙ্গীর আলম মুন্সী, সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্লাহ, সাবেক এএমডি ও ইনচার্জ (অর্থ ও হিসাব বিভাগ) কামরুল হাসান খান, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ (ব্যাংকিং এন্ড ইনভেস্টমেন্ট বিভাগ) শেখ আব্দুর রাজ্জাক, সাবেক জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কামাল হোসেন হাওলাদার, সাবেক কর্মকর্তা মাকবুল এলাহী, মোহাম্মদ আজাহার খান, মো. সোহেল খান। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা ইসলাম, এ কে এম মনিরুল ইসলাম, খন্দকার মোহাম্মদ খালেদ, সাবেক পরিচালক এম এ খালেক এর স্ত্রী মোসাম্মৎ সাবিহা খালেক, এম এ খালেক এর মেয়ে সারওয়াৎ খালেদ সিমিন, সৈয়দ আব্দুল আজিজ, মো. মিনহাজ উদ্দিন, মোহাম্মদ কাজী ফরিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ সেলিম মাহমুদ এবং রহমতুল্লাহ দেওয়ান।

চার্জশিট দাখিলের পর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিচারিক ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা চলতি বছরের ৬ জুলাই চার্জশিটটি গ্রহণ করেন। গত ১৩ সেপ্টেম্বর প্রধান আসামি নজরুল ইসলাম মামলার পুনতদন্ত চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন (রিভিশন নং- ১৭৪১/২৬)।

উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্যাহ দুদকের মামলায় বর্তমানে কারাগারে আছেন।