রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। তবে তদন্তে প্রমাণিত হওয়ায় আগে একজন সংসদ সদস্য হিসেবে তাকে নিয়ে কিছু বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন মন্ত্রী। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সরকারের সময়ে কোনো অপরাধী ছাড় পাবে না। সরকার সব ধরনের অপরাধ দমনের চেষ্টা করে। অপরাধ প্রমাণিত হলে সবার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। অপরাধ ঘটে গেলে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে এবং হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে অপরাধ হচ্ছে, পুলিশ তাৎক্ষণিক সেখানে যাচ্ছে, মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে। কেউ প্রমাণ করতে পারবে না, গত সাত মাসে অপরাধ হয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। হয়তো ১২ ঘণ্টা সময় লেগেছে বা ২৪ ঘণ্টা। কিন্তু এ সরকারের সময়ে সাত দিনে চার্জশিট হয়েছে, ১৫ দিনে বিচার হয়েছে—এমন উদাহরণ রয়েছে।
