আরাঘচিসহ ইরানি প্রতিনিধি দলকে ‘যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিলেন রুবিও’

আরাঘচিসহ ইরানি প্রতিনিধি দলকে ‘যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিলেন রুবিও’

ফন্ট সাইজ:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন দেশটির কূটনৈতিক প্রতিনিধি দলকে নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত সোমবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন মিশনের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের কাছে এ বার্তা পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক র‌্যাভিড।

মার্কিন এক কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরেকটি সূত্রের বরাতে র‌্যাভিড জানান, ইরানি প্রতিনিধি দলকে নিউইয়র্ক ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে ওই দিন সন্ধ্যায় আরাঘচির দোহা হয়ে তেহরানে ফেরার ফ্লাইটটি আগে থেকেই নির্ধারিত ছিল।

র‌্যাভিডের প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা পর আরাঘচিসহ ইরানি প্রতিনিধি দল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে নিউইয়র্ক থেকে দোহাগামী তাদের বিমানটি ছেড়ে যায়।
আরেকটি সূত্রও ইরানি প্রতিনিধি দলকে নিউইয়র্ক ছাড়তে বলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইরানি প্রতিনিধি দলকে ‘অবিলম্বে’ নিউইয়র্ক ছাড়ার নির্দেশ দেয়ার খবর প্রত্যাখ্যান করেছে ইরান।

জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই সোমবার নিউইয়র্ক ত্যাগ করেছে প্রতিনিধি দলটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানি মিশন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

তারা অভিযোগ করেছে যে, কোনো ফল অর্জন করতে না পেরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘ভিত্তিহীন ও মূল্যহীন সংবাদ’ প্রকাশের আশ্রয় নিয়েছে।
নিউইয়র্ক ছাড়ার আগে সাংবাদিকদের আরাঘচি জানিয়েছিলেন, কাতারের মাধ্যমে ইরানের প্রস্তাবিত পরিকল্পনা মার্কিন সরকারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় নিউইয়র্কে ইরান ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে ওই আলোচনায় চলমান সংকট নিরসনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়নি, আবার যুদ্ধবিরতির বিষয়েও কোনো সমঝোতা হয়নি।
এর মধ্যেই বুধবার ইরান জানায়, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের দেয়া প্রস্তাবের বিষয়ে একটি জবাব পেয়েছে।