একটি রাজনৈতিক দল ৭১-এর রূপে আবারও ফিরে গেছে, মা-বোনদের ইজ্জত হরণ করে হত্যায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নেতা-কর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এখন সময় এসেছে এদের মুখোশ উন্মোচনের।’
বৃহস্পতিবার দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডে শুধু দেশই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, অথচ তারা অন্যদের নসিহত করে বেড়াচ্ছে। বিভ্রান্ত থেকে দেশকে বাঁচাতে হলে ১৯৭১ ও ১৯৮৬ সালে একটি রাজনৈতিক দলের ভূমিকা কী ছিলো—তা আবারও জনগণের সামনে তুলে ধরতে হবে।’
অরাজকতা ও ষড়যন্ত্রকারীদের কঠোর জবাব দিতে জনগণের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। বলেন, ‘দল যার তার দেশটা সবার, গণতন্ত্র অব্যাহত রাখতে উন্নয়নের পাশাপাশি অপপ্রচার রোধেও জনগণকে সজাগ থাকতে হবে।’
একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘এতে দেশের উন্নয়নের ব্যাহত হলে তার দায়ভার তাদের নিতে হবে। বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’
নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী ওই রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, ‘দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন। ১৭ বছর স্বৈরাচার সরকার জনগণের কণ্ঠরোধ করে অধিকার বঞ্চিত করেছিলো। ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গিয়ে সে অধিকার ফিরিয়ে দিয়েছে।
এর আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দুপুর ২টার পর ঢাকা থেকে সড়কপথে ফেনীর পরশুরাম পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
