প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিএনপির মিডিয়া সেল মিষ্টির পদত্যাগের খবরটি মানবজমিনকে নিশ্চিত করেছে।
এদিকে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হওয়ার সময় সাংবাদিকেরা ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করেন। তবে এর কোনো স্পষ্ট উত্তর তিনি দেননি। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর, লুটপাটের পর স্বাস্থ্যকেন্দ্রে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এরপর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামটি আলোচনায় আসে।
বিএনপির স্থানীয় কয়েকজন নেতা সমিতির কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন অভিযোগ ওঠে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া, মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা ওই সমিতির সাধারণ সদস্য। ব্যবস্থাপনা কমিটি থাকলেও তারাই মূলত সব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। তারা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন ফেরদৌসী আহমেদ। কমিশনার থাকাকালীন ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’- এর সভাপতিও ছিলেন। তবে এখন আর সমিতির সঙ্গে যুক্ত নন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন তিনি।
এদিকে এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বুধবার সংশ্লিষ্ট দল ও সংগঠনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
