শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বঙ্গভবনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন প্রেস উইং৷
প্রেস উইং জানায়, সাক্ষাতে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। তিনি জানান, ব্র্যাক ইউনিভার্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), লাইফ সায়েন্স, এগ্রো টেকনোলজি ও নার্সিংসহ বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্ব দিচ্ছে।
এ প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান আরও বাড়াতে হবে। তিনি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, যারা বিদেশে বিভিন্ন ক্ষেত্রে ভালো করছেন, দেশে তাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেয়া প্রয়োজন। পুরোনো চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে এসে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার নীতি অতি দ্রুত প্রণয়ন করা প্রয়োজন।
সাক্ষাতে উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
