পরশুরামে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

পরশুরামে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

দিনব্যাপী সফরের শুরুতে ফেনীর পরশুরাম পৌঁছেই মৌসুলধারে বৃষ্টি উপেক্ষা করে বহু প্রতীক্ষার মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সড়কপথে পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় পৌঁছেই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এসময় জনগণও ভিজে উদ্বোধন উপভোগ করেছেন। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন ঘাটঘর এলাকায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।

এর আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দুপুর ২টার পর ঢাকা থেকে সড়কপথে ফেনীর পরশুরাম পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যপী সফরে পরশুরামে ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক শুভেচ্ছা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

পরশুরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যাবেন ফুলগাজী। বিরতির পর যোগ দেবেন সরকারি পাইলট হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে। সেখান থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান।

অন্যদিকে, জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের সম্মানী ভাতা প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় ফেনী জেলায় মোট ২৭৫ জনকে সম্মানীর জন্য মনোনীত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মনোনীতদের মধ্য থেকে ৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ২ জন সেবায়েত এবং ২ জন পুরোহিত প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন।