মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তাকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তার ছেলে মোখজানি মাহাথির।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামাসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ১০১ বছর বয়সী মাহাথিরকে গত মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে (আইজেএন) পর্যবেক্ষণের জন্য ভর্তি করা হয়। স্ত্রীর মৃত্যুর পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতেই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোখজানি আরও বলেছেন, গত দুই দিন মাহাথিরের জন্য অত্যন্ত চাপের ছিল। তবে বর্তমানে তিনি ভালো আছেন এবং তার অবস্থা উদ্বেগজনক নয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার উদ্দেশ্যেই তাকে আইজেএনে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মালয় মেইল মাহাথিরের প্রেস সেক্রেটারি সুফি ইউসোফ এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর মাহাথির মোহাম্মদ শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাবের পাশাপাশি গত কয়েক দিনের নানা আনুষ্ঠানিকতায় তিনি ক্লান্ত হয়ে পড়েন।
উল্লেখ্য, ড. সিতি হাসমাহ গত ২৮ সেপ্টেম্বর সকালে আইজেএনে ১০০ বছর বয়সে ইন্তেকাল করেন। একই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় পুত্রজায়ার প্রেসিন্ট ২০-এর পুসারা নেগারায় তাকে সমাধিস্থ করা হয়। মাহাথির ও সিতি হাসমাহ ১৯৫৬ সালের ৫ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং চলতি বছর তাদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়েছিল।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানিয়েছেন, মাহাথিরের দ্রুত সুস্থতার জন্য মন্ত্রিসভা দোয়া করা হয়েছে।
