উখিয়ায় ৫ হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার ও ইনানীতে অভিযান চালিয়ে পাঁচটি হোটেলকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার উখিয়া উপজেলার কোর্টবাজার ও ইনানী এলাকায় বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল মদিনা হোটেলকে ৫০ হাজার টাকা, ইনসাফ হোটেলকে ৫০ হাজার টাকা, জব্বারিয়া হোটেলকে ৪০ হাজার টাকা, মজিদিয়া হোটেলকে ১০ হাজার টাকা এবং ইনানীর ফাইন ডাইনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন— কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান নাঈম। এ সময় কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খাদ্য নিরাপত্তা ও হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন হোটেল-রেস্তরাঁর খাদ্য প্রস্তুত ও পরিবেশনের পরিবেশসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পরিদর্শন করা হয়। নিয়ম-নীতি মেনে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযানকালে পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদণ্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।