রাজধানীর ধানমণ্ডি এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীত পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করেছে ধানমণ্ডি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম— রেজাউল ইসলাম (২৩)। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে রাস্তার উপর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পরই পালিয়ে যাওয়ার সময় পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানায়, প্রায় ১০-১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেয়। বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেয়ার চুক্তি করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেই পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮শে সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করে যায় সে। পরবর্তীতে ৩০শে সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাস্থলে এসে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধানমণ্ডিতে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
