বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫০: গভীর উদ্বেগ জাতিসংঘের

বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৫০: গভীর উদ্বেগ জাতিসংঘের

ফন্ট সাইজ:

বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তার ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জনাকীর্ণ একটি বাজারে চালানো এই বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রাখাইনের কিয়াকতাও শহরের একটি ব্যস্ত বাজারে সোমবার দুপুরে এই বিমান হামলা চালানো হয়। জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় ত্রাণকর্মীরা জানান, হামলায় এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫৮ জন আহত হয়েছেন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ২০০টিরও বেশি দোকানপাটে ঘেরা ওই বাণিজ্যিক কেন্দ্রে হামলার সময় রাখাইন, রোহিঙ্গা ও হিন্দুসহ বিভিন্ন সম্প্রদায়ের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্ধৃতি দিয়ে বলেন, মহাসচিব এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই প্রাণঘাতী হামলা প্রমাণ করে যে রোহিঙ্গাদের মতো বাস্তুচ্যুত মানুষদের স্বদেশে প্রত্যাবাসনের টেকসই পরিবেশ এখনো তৈরি হয়নি। অন্যদিকে আরাকান আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জান্তা বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনবহুল বাজার, স্কুল ও আবাসিক এলাকা লক্ষ্য করে বোমা বর্ষণ করছে। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা সর্বশক্তি দিয়ে পাল্টা জবাব দেবে।