হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দীর্ঘ ৭০ বছরের জীবনসঙ্গী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর মাত্র দুই দিনের মাথায় তিনিও হাসপাতালে ভর্তি হলেন। মঙ্গলবার রাতে ১০১ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়। তার কার্যালয় বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ সহকারী সুফি ইউসুফ জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে ভর্তির সুনির্দিষ্ট কারণ এখনো চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। এদিকে মাহাথিরের ছেলে মোখজানি জানান, তার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের কোনো কারণ নেই।
গত দুই দিন মানসিকভাবে তার ওপর দিয়ে প্রচণ্ড ধকল গেছে। পেশায় চিকিৎসক ও জনস্বাস্থ্য আন্দোলনের অগ্রদূত সিতি হাসমাহ গত সোমবার ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুতে মাহাথির মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। স্ত্রীর জানাজা ও দাফনের সময় দেশটির সাবেক রাজার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে তাকে বলতে শোনা যায়, তিনি আজকেই মারা যাবেন, তা আমি ভাবতে পারিনি।
