লেখক-শিক্ষক ও শিল্পীদের নামে অযৌক্তিক মামলা দিয়ে আসল অপরাধীদের বিচার প্রক্রিয়ার ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘এতে পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।’ মঙ্গলবার তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে তিনি বলেন, ‘বানোয়াট মামলার তামাশা, আটক বাণিজ্য, ভয়ভীতি, সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে। এসবের জন্য বিনা অপরাধে বহু শিক্ষক, চিকিৎসক, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী স্বাভাবিক কাজ করতে পারছেন না। এতে শুধু তারা নন ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশও। এদিকে লেখক এবং যুদ্ধাপরাধী বিচার আন্দোলনের সংগঠক শাহরিয়ার কবির, লেখক শিক্ষক মুহম্মদ জাফর ইকবালসহ লেখক শিক্ষক শিল্পী চিকিৎসকদের নামে অতিরঞ্জিত অযৌক্তিক মামলা দিয়ে প্রকৃতপক্ষে আসল অপরাধীদের বিচার প্রক্রিয়ারই ক্ষতি করা হচ্ছে, পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।’
হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘আমি অবিলম্বে শাহরিয়ার কবিরসহ লেখক শিক্ষক শিল্পী চিকিৎসক সাংবাদিকদের বিরুদ্ধে অযৌক্তিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিচার প্রক্রিয়া অব্যাহত রেখে, তাদের জামিনে মুক্তি দেবার দাবি জানাচ্ছি।’
