অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে

ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আবারও অনুকূল পরিবেশের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পরই সফরের তারিখ চূড়ান্ত হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে খুব ভালো আলোচনা হয়েছে। আলোচনা ছিল আন্তরিক ও ফলপ্রসূ।

হুমায়ুন কবির বলেন, অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে কাটিয়ে উঠবো। এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে আমরা আশাবাদী।

প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রসঙ্গে তিনি বলেন, কোনো একপর্যায়ে, যখন অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন প্রধানমন্ত্রীও সফর করতে পারেন। আলোচনা বেশ ভালো হয়েছে। বেশ আন্তরিক আলোচনা হয়েছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চান এক সাংবাদিক। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ওইরকম কিছু আলাপ হয়নি। এটা পুরোপুরি সৌজন্য সাক্ষাৎ ছিল।

সফরের সময় নির্ধারণ হয়েছে কি না—জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সময় তো পরে। যখন আমরা আলাপ-আলোচনার মাধ্যমে পারস্পরিকভাবে একটা জায়গায় পৌঁছাবো, যখন সফরের জন্য পরিবেশ অনুকূল হবে, তখন তারিখ ও সময়ের ব্যাপারে আলোচনা করবো।

নভেম্বরে সফর হতে পারে-এমন গুঞ্জনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গুঞ্জন নিয়ে তো আমি আলাপ করতে পারি না। আমি বাস্তবতা নিয়ে কথা বলি। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে—আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুব ইতিবাচক যে অদূর ভবিষ্যতে আমরা ইতিবাচক ফলাফল পেতে পারি।

চ্যালেঞ্জগুলোর বিষয়ে আবারও জোর দিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ তো আছেই। চ্যালেঞ্জগুলো কথাবার্তার মাধ্যমেই কাটিয়ে উঠবো। পারস্পরিক সম্মানের ভিত্তিতে যখন পরিবেশ অনুকূল হবে, তখন আমরা সফর করবো।