ভারতের আমন্ত্রণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য খোলা রয়েছে জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনই কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই। দুই দেশের প্রধানমন্ত্রী যখন সফরের জন্য সুবিধাজনক সময় মনে করবেন, তখনই সফরটি হবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা এবং নভেম্বরে সফরের কোনো তারিখ চূড়ান্ত হয়েছে কি না- জানতে চাইলে ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে এর আগে যা আলোচনা হয়েছে, আবারও বলছি, এখনও আমাদের আমন্ত্রণ রয়েছে। এ নিয়ে আমার মনে হয় না এবার কোনো তাড়াহুড়ার প্রয়োজন আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে।
তিনি বলেন, সবকিছুই ইতিবাচক। তবে আমাদের যথাযথ সময় দিতে হবে। সবকিছুই একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। নেতিবাচক কোনো কিছুর প্রশ্নই নেই।
ভারতীয় হাইকমিশনার বলেন, আমি ইতিবাচক, মাননীয় প্রতিমন্ত্রী ইতিবাচক, বাংলাদেশের মানুষও ইতিবাচক। আমি যখন রাস্তায় হাঁটি, মানুষের সঙ্গে কথা বলি, সেখানেও সবকিছু ইতিবাচক দেখি। দুই পক্ষেরই রাজনৈতিক বাস্তবতা আছে। সেটিও একটি চলমান প্রক্রিয়া। সবকিছু হয়ে যাবে।
দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের ওপরই সফরের বিষয়টি নির্ভর করছে জানিয়ে ত্রিবেদী বলেন, যখন দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রী সুবিধাজনক মনে করবেন, আমি নিশ্চিত যে তখন বিষয়টি হবে।
হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ত্রিবেদী বলেন, এটি ছিল পুরোপুরি সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, তিনি আগে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমি তাকে অত্যন্ত সৎ, স্পষ্টভাষী ও খোলামেলা মানুষ হিসেবে দেখি। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে।
বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, হাইকমিশনের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাতেই আমি এসেছিলাম। তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। নিউইয়র্কে তার দারুণ একটি বৈঠক হয়েছে। সব মিলিয়ে এটি ছিল একেবারেই সৌজন্য সাক্ষাৎ। তার নতুন দায়িত্বের জন্য আমি তাকে শুভকামনা জানিয়েছি।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ত্রিবেদী
তাড়াহুড়ার কিছু নেই, সময়মতো নিশ্চয়ই সফর হবে
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ২ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
