ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

ফন্ট সাইজ:

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা এবং আন্তর্জাতিক বাজারে পুনঃরপ্তানি (Re-export) চক্রের বাণিজ্যিক শোষণ বন্ধে ভারতে ইলিশ রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে সরকারকে প্রতিরোধমূলক আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ প্রেরণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় মাছ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হওয়া সত্ত্বেও দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম দাঁড়িয়েছে প্রায় ২,৬০০ থেকে ৩,০০০ টাকা (যা ২১ থেকে ২৫ মার্কিন ডলারের সমান)। অস্বাভাবিক এই আকাশচুম্বী মূল্যের কারণে দেশের সাধারণ, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা ইলিশ কেনার সামর্থ্য হারিয়ে ফেলেছেন।

এতে অভিযোগ করা হয়, বিগত বছরগুলোতে স্থানীয় বাজারের চরম সংকট উপেক্ষা করে ভারতে অত্যন্ত কম মূল্যে—মাত্র ১০ মার্কিন ডলারে ইলিশ রপ্তানির আত্মঘাতী নীতি অনুসরণ করা হয়েছিল। অথচ ভারতে নিজস্ব বিপুল উৎপাদন থাকা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে নামমাত্র মূল্যে ইলিশ আমদানি করছে।
নোটিশদাতার দাবি, ভারতীয় আমদানিকারকরা মূলত একটি প্রতারণামূলক বাণিজ্য কৌশল অবলম্বন করছে। তারা বাংলাদেশ থেকে সস্তায় ইলিশ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে প্রতি কেজি ৪০ থেকে ৫০ ডলারে পুনঃরপ্তানি করছে। মধ্যস্বত্বভোগী ভারতীয় ব্যবসায়ীদের এই অনৈতিক বাণিজ্যের ফলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।

সংবিধানের ২১(১) অনুচ্ছেদের কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। সরকার এখনও ভারতে ইলিশ রপ্তানির চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত ঘোষণা না করলেও, সাধারণ ভোক্তার স্বার্থ বিসর্জন দিয়ে কোনো পদক্ষেপ যেন নেওয়া না হয়, সেজন্য প্রতিরোধমূলক হিসেবেই এ নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া রাষ্ট্রের যদি বৈদেশিক মুদ্রার প্রয়োজনই হয়, তবে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি আন্তর্জাতিক বাজারে ন্যায্যমূল্যে উদ্বৃত্ত ইলিশ রপ্তানির স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সব ধরনের প্রশাসনিক উদ্যোগ বন্ধ করা, স্থানীয় বাজারে সরবরাহ বৃদ্ধি করে দাম সাধারণের নাগালে আনা এবং সরাসরি বৈশ্বিক বাজারে রপ্তানির নীতিমালা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়।