কুমিল্লার এসপি বললেন—চাপ দিলে নাম প্রকাশ করে দেব

কিশোর গ্যাংবিরোধী অভিযান

কুমিল্লার এসপি বললেন—চাপ দিলে নাম প্রকাশ করে দেব

ফন্ট সাইজ:

কুমিল্লায় চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি বলেছেন, এখন পর্যন্ত তাকে কেউ ফোন করে অভিযান বন্ধ বা কাউকে ছাড় দেওয়ার জন্য চাপ দেননি। কেউ চাপ দিলে সাংবাদিকদের সামনে তার নাম প্রকাশ করে দেওয়া হবে। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে পুলিশ সুপার এসব কথা বলেন।

নাগরিক সেবা সহজ করা, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন ‘আমার কুমিল্লা’ অ্যাপটি চালু করেছে। কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশের পক্ষ থেকে কাউকে হয়রানি এবং আটকের পর পুলিশের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলেন এক সাংবাদিক।

জবাবে পুলিশ সুপার বলেন, কোনো ধরনের চাপ নেই। আজ পর্যন্ত আমাকে কেউ ফোন দেয়নি। সবাই সাধুবাদ জানিয়েছে। কেউ চাপ দিলে আমি আপনাদের সামনে নাম প্রকাশ করে দেব।

পুলিশ সদস্যদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, যদি কেউ নিয়ে থাকে, কোনো প্রমাণ একটা দিতে পারেন, ওই পুলিশ অফিসারকে তাৎক্ষণিক সাসপেন্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে এক ফোঁটাও ছাড় নেই।

পুলিশ সুপার বলেন, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই করে যারা অপরাধের সঙ্গে জড়িত নয়, এমন শিক্ষার্থী ও কিশোরদের অভিভাবকের জিম্মায় দেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদের সন্ধ্যার পর সন্তানদের বাইরে না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমরা ছাড় দেব না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।