নেত্রকোনার পূর্বধলায় সোয়েটারবাহী একটি কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, চালক ও সহকারীকে মারধর এবং পণ্য নিয়ে যাওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।
সোমবার সন্ধ্যায় পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার কেট্টা বাজারের আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১ বস্তায় ৫ হাজার ২২৮ পিস সোয়েটার নিয়ে একটি কাভার্ডভ্যান গাজীপুরের ভবানীপুর বাজারের মোহাম্মাদী সোয়েটার লিমিটেডে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় সালমান রহমান পল্লবের নেতৃত্বে কয়েকজন গাড়িটির গতিরোধ করে চাবি নিয়ে নেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল ও মাদক রয়েছে বলে চালক মো. শরিফ ও সহকারী মো. শাহাজাহান আলীকে ভয় দেখান। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চালক গাড়িতে সোয়েটার রয়েছে জানালে তাকে হত্যার হুমকি দিয়ে গাড়িটি শ্যামগঞ্জ বাজারের অ্যাম্বিশন মডেল কলেজের সামনে নিয়ে যাওয়া হয়।
পরে কারখানার মালিকের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সেখানে গিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে চাঁদার টাকা না পেয়ে পল্লব ও তার সহযোগীরা গাড়ি থেকে ১১ বস্তায় থাকা ৭৭৩ পিস সোয়েটার নিয়ে যান। এসব সোয়েটারের মূল্য ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে পল্লব নিজেকে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং তার ভাইকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশ তাকে কিছু করতে পারবে না বলে হুমকি দেন। পরে বিষয়টি পুলিশ ও দলীয় নেতাদের জানানো হলে জেলা নেতাদের মধ্যস্থতায় পল্লবের নেওয়া ৭৭৩ পিস সোয়েটারের মধ্যে ৭৬৬ পিস ফেরত দেওয়া হয়। রাত ৪টার দিকে চালক ও তার সহকারীকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক মো. হারুন রশিদ লিটন রোববার রাতে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় সালমান রহমান পল্লব, মোরাদ মিয়া ও অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এদিকে ঘটনার পর রোববার রাতেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সালমান রহমান পল্লবকে বহিষ্কার করেছে। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মো. সিরাজুল ইসলাম (৫৫) নামের সন্দেহভজন একজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
