‘সুপার সাব’ ওলিসের জাদুকরী গোলে উন্মাদনায় মাতলেন জিদান

‘সুপার সাব’ ওলিসের জাদুকরী গোলে উন্মাদনায় মাতলেন জিদান

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ফুটবলে জিনেদিন জিদানের কোচিং অধ্যায়ের সূচনাটা হলো দারুণ। তুরস্কের পর এবার বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয়ে উয়েফা নেশনস লীগে নিজেদের যাত্রা অব্যাহত রেখেছে ফ্রান্স। ব্রাসেলসের কিং বাউদুইন স্টেডিয়ামে ম্যাচের আসল রোমাঞ্চ ছড়ান বদলি নামা ‘সুপার সাব’ মাইকেল ওলিসে। ৮৮ মিনিটে বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারের অনবদ্য একক প্রচেষ্টার গোলে জয় নিশ্চিত করার পর ডাগআউটে আবেগের তোড়ে ফরাসি কিংবদন্তি জিদানকেও পাওয়া গেল এক ভিন্ন রূপে!

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে শুরুর একাদশে ৯টি পরিবর্তন এনে মাঠে নামে ফ্রান্স। ম্যাচজুড়ে ফরাসিরা বল দখলে আধিপত্য দেখালেও বেলজিয়ামের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। দিজিরে দুয়ের শট পোস্টে লেগে ফিরে আসার পর ৭৭ মিনিটে বারকোলার বদলে মাঠে নামেন ওলিসে। ম্যাচের নির্ধারিত সময় শেষের ঠিক দুই মিনিট আগে মাঝমাঠ থেকে নিজেদের অর্ধে বুক দিয়ে বল নামিয়ে গতি ও ড্রিবলিংয়ের চমকে বেলজিয়ামের তিন ডিফেন্ডারকে পরাস্ত করেন তিনি। এরপর বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের জোরালো নিচু শটে লক্ষ্যভেদ করেন ওলিসে।

শিষ্যের এই দুর্দান্ত গোল দেখে টাচলাইনে নিজেকে আর ধরে রাখতে পারেননি ৫৪ বছর বয়সী কোচ জিদান। খেলার উত্তেজনায় ওলিসের দৌড়ের সঙ্গে ডাগআউটে দৌড় শুরু করে সামনে থাকা একটি বলে সজোরে লাথি মেরে বসেন এই বিশ্বকাপজয়ী তারকা। ম্যাচ শেষে হাস্যমুখে নিজের এই অভাবনীয় উদযাপনের ব্যাখ্যায় জিদান বলেন, ‘আমি খেলার ছন্দে ভেসে গিয়েছিলাম, ওই মুহূর্তটার অংশ হতে চেয়েছিলাম। ও ড্রিবলিং শুরু করতেই আমি (মনে মনে) ওর পেছন পেছনে যাচ্ছিলাম। হঠাৎ সামনে বল দেখে লাথি মারলাম! একটু হাস্যকর শোনাতে পারে, তবে তাতে কিছু যায়-আসে না।’

ওলিসের প্রতিভায় মুগ্ধ হয়ে জিদান আরও বলেন, ‘সে এক নিখাদ প্রতিভা। ফুটবলকে সে হৃদয় দিয়ে ভালোবাসে। ওর মধ্যে দারুণ প্যাশন রয়েছে এবং মাঠে দর্শকদের বিনোদন দিতে চায়। এমন খেলোয়াড় পাশে পাওয়া সত্যিই ভাগ্যের।’

এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লীগের এক নম্বর গ্রুপের শীর্ষে অবস্থান মজবুত করলো ফ্রান্স। ১৯৯৪ সালে আইমে জ্যাকের পর প্রথম কোনো ফরাসি কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্বে প্রথম দুই ম্যাচেই জয়ের রেকর্ড গড়লেন জিদান। সেই সঙ্গে ওলিসের এই ফর্ম দলকে উপহার দিয়েছে নতুন এক ভরসা। ফ্রান্সের হয়ে নিজের প্রথম ২৭ ম্যাচে ৮টি গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করে ইউরি দিয়োরকায়েফের ১৯৯৭ সালের কীর্তিকে নতুন করে আলোয় এনেছেন তিনি।