নগরীর বাসিন্দাদের সেবার জন্য ‘আমার কুমিল্লা’ নামের অ্যাপের উদ্বোধন করেছে কুমিল্লা সিটি করপোরেশন। সোমবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অ্যাপটির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে জানানো হয়, ডাস্টবিন পরিষ্কার না হওয়া, সড়কবাতি না জ্বলা, পানি সরবরাহ বিঘ্নিত হওয়া বা অবৈধ দখলের মতো যেকোনো নাগরিক সমস্যার ছবি কিংবা ভিডিও তুলে ধরে সরাসরি এই অ্যাপে অভিযোগ জানানো যাবে। সেই সঙ্গে সিটি কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেছে কিনা এবং কী পদক্ষেপ নেয়া হয়েছে— তা অ্যাপেই সরাসরি দেখতে পারবেন নাগরিকরা। অ্যাপটির উদ্বোধনকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘নাগরিক সুবিধা আরও দ্রুত ও সহজতর করতে এই অ্যাপ চালু করা হলো। এর মাধ্যমে নাগরিকদের যেকোনো অভিযোগ দ্রুত গ্রহণ করা হবে এবং অভিযোগের ভিত্তিতে সমাধান বাস্তবায়নে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।’
অ্যাপসের বিস্তারিত তুলে ধরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, নগরীতে থাকা ৩২০টি ডাস্টবিন সময়মতো পরিষ্কার না হলে ছবি তুলে বিস্তারিত লিখে অ্যাপে অভিযোগ পাঠানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে রিভিউ বা মন্তব্য করার সুযোগও রাখা হয়েছে। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণ, রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সড়কবাতি, টেন্ডার ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং নানা অবৈধ স্থাপনা নিয়ে অভিযোগ ও পরামর্শ দেয়ার সুযোগ থাকবে এতে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
