রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকাল ৫টার দিকে মাটিকাটার হলি এপার্টম্যান্টের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা।
তাকে গ্রেপ্তারের সময় এমপি মোহাম্মদ আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই মিজানুরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি বলেন, ‘পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমানের বাবার নাম নুরুল ইসলাম। তার স্থায়ী ঠিকানা ঢাকার ক্যান্টনমেন্টের পশ্চিম মাটিকাটা। নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় মিজানুর রহমান ৯ নম্বর আসামি।’
উল্লেখ্য, গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।
নিউ গিনি প্রোপার্টিজে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ২৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
