সাফে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত

সাফে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত

ফন্ট সাইজ:

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে বাকি এক মাসের মতো। এর মধ্যে আসরের সবচেয়ে আলোচিত দল ভারতকে নিয়ে এসেছে নতুন খবর। নভেম্বরের একই সময়ে নিউজিল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ থাকায় ঢাকায় অনূর্ধ্ব-২৩ দল কিংবা রিজার্ভ খেলোয়াড়দের নিয়ে গড়া দল পাঠানোর কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
আগামী ৪ থেকে ১৭ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। যেখানে ১২ ও ১৫ নভেম্বর অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। প্রতিবেদন অনুযায়ী, প্রীতি ম্যাচ দুটির জন্য মূল জাতীয় দলই পাঠানোর সম্ভাবনা বেশি। ফলে সাফে শিরোপা ধরে রাখার মিশনে তরুণ ও রিজার্ভ খেলোয়াড়দের ওপরই ভরসা রাখতে পারে দেশটি।

সূচির এই সাংঘর্ষিকের কারণে এমন সিদ্ধান্তের কথা ভাবছে ভারতীয় ফুটবল ফেডারেশন। কোচ খালিদ জামিল নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই খেলতে চান। বিশ্বকাপ খেলা দলের বিপক্ষে ম্যাচ জাতীয় দলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে জামিল বলেন, ‘ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব যখন এসেছিল, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছিলাম।’ তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সুসংগঠিত দল, বিশ্বকাপের সাম্প্রতিক অভিজ্ঞতাও আছে তাদের। ওদের মাঠে গিয়ে খেলা আমাদের খেলোয়াড়দের জন্য মূল্যবান চ্যালেঞ্জ হবে।’ ভারতের শক্তি কমে এলে ঘরের মাঠে বাংলাদেশের সামনে সুযোগ বাড়বে। যদিও ভারতের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সাফকেই নিজেদের বড় লক্ষ্য হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। আসিয়ান কাপের আগে তিনি বলেছিলেন, ‘ভবিষ্যতে আমাদের বড় টুর্নামেন্ট হলো সাফ টুর্নামেন্ট। আগামী নভেম্বরে আমাদের ঘরের মাঠে আয়োজিত হতে যাওয়া সেই টুর্নামেন্টের জন্য এটি একটি উপযুক্ত প্রস্তুতি।’ অধিনায়ক জামাল ভূঁইয়াও জানান, সাফই তাদের মূল লক্ষ্য। সাফে ভারতের গ্রুপ পর্বের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। স্বাগতিক বাংলাদেশ আছে ভিন্ন গ্রুপে, যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা ও ভুটান। ফলে ভারত ও বাংলাদেশের দেখা হওয়ার সম্ভাবনা আপাতত নকআউট পর্বে।