তিনদিন পর দেশে ফিরলো আটকে পড়া টিটি দল

ফন্ট সাইজ:

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের মিশন শেষে দেশে ফেরার পথে বিপাকে পড়ে বাংলাদেশ টেবিল টেনিস দল। আকস্মিক বন্যার কারণে থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনদিন আটকা থাকার পর গতকাল সন্ধ্যায় দেশে ফেরেন দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। একদিন বিমানবন্দরে আটকে থাকার পর তাদের সঙ্গে দেশে ফেরে বাংলাদেশ পুরুষ কাবাডি দলও।

বিমানবন্দরে আটকে পড়া টেবিল টেনিস দলের সদস্যরা হলেন রামহিম লিয়ান বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুষি। দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনুও ছিলেন তাদের সঙ্গে। বিমানবন্দরে দুর্ভোগের চিত্র তুলে ধরে দলের অন্যতম সদস্য রামহিম লিয়ান বম বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় কারও ওপর দোষ চাপানোর সুযোগ নেই। তবে এত দীর্ঘ সময় বিমানবন্দরে থেকেও এয়ারলাইন কর্তৃপক্ষের কাছ থেকে আবাসনের কোনো ব্যবস্থা না পাওয়ায় ভোগান্তি বেড়েছে।’ শুক্রবার আকস্মিক বন্যায় ব্যাংককে জনজীবন ব্যাহত হয়। এর প্রভাব পড়ে বিমান চলাচলেও। অন্য এয়ারলাইনগুলো ফ্লাইট পরিচালনা করলেও থাই এয়ারওয়েজের ফ্লাইট নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। ফলে নিজেদের মিশন শেষ করে দেশে ফেরার পথে চরম ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশের টেবিল টেনিস দলকে। তবে দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় আগেই দেশে ফিরতে পেরেছিলেন।

টেবিল টেনিস দলের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে সাইদুল হক সাদী গতকাল দেশ থেকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমাদের খেলোয়াড়রা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ফিরেছে। সবাই স্বাভাবিক ও সুস্থ আছে।’