পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নির্মাণাধীন চাঁদ সুলতানা হলের এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে নির্মাণাধীন চাঁদ সুলতানা হল থেকে মামুন (২৫) নামে ওই নির্মাণ শ্রমিক সুফিয়া কামাল হলের ছাত্রীদের উদ্দেশ্যে বারবার অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একই সঙ্গে হলে অবস্থানরত নারী শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ভুক্তভোগী এক নারী শিক্ষার্থী বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে সকালে ফজরের নামাজ পড়ে আমি ছাদে হাঁটতে গেলে নির্মাণাধীন ভবন থেকে একজন আমার ছবি তোলেন। সে সময় তার ফোনের ফ্ল্যাশ জ্বলতে দেখি।
এছাড়া তারা প্রায়ই পার্শ্ববর্তী ভবন থেকে আমাদের দিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকি থাকা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় অভিযুক্ত শ্রমিক পলাতক রয়েছে। তাকে পালাতে সহযোগিতা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে শ্রমিককে আটকের চেষ্টা চলছে। আটক হলে তাকে থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
