২০২৬ সালের ফিফা বিশ্বকাপের স্মৃতি এখনো তাজা। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে স্পেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল ও কিংবদন্তি লিওনেল মেসির আবেগঘন কোলাকুলির ছবি মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয়ের পর দ্যা গার্ডিয়ান-কে দেয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা প্রকাশ করেছেন ইয়ামাল।
ম্যাচ শেষে মেসির সঙ্গে ঠিক কী কথা হয়েছিল, সে সম্পর্কে ইয়ামাল বলেন, ‘আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম, ফুটবলকে তিনি যা দিয়েছেন তার জন্য। আমি কোনো ক্যামেরার সামনে ভালো দেখানোর জন্য কিছু করি না। কথাগুলো আমার ভেতর থেকেই এসেছিল।’
আর্জেন্টিনার ৩৯ বছর বয়সী মহাতারকা মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের এই মুহূর্তটিকে অনেকেই ফুটবলের এক যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। মাঠে মেসির বিষণ্নতা আর অন্যদিকে ইয়ামালের উল্লাসের সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ আলোড়ন তোলে।
এছাড়া শৈশবে মেসির সঙ্গে নিজের বহুল আলোচিত ছবিটি নিয়েও কথা বলেন এই বার্সেলোনা ফরোয়ার্ড। এত দিন পর ছবিটি প্রকাশ পাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, তুলনা এড়ানোর জন্যই তিনি বাবার কাছে ছবিটি প্রকাশ করতে নিষেধ করেছিলেন। ইয়ামাল বলেন, “তুলনা করাটা খুব সহজ ছিল, আর সবাই শুধু সেটি নিয়ে কথা বলতো। আমি শুধু ‘লামিন’ হতে চেয়েছিলাম, মেসি হতে চাইনি। আমি চেয়েছি নিজের যোগ্যতায় যতটা দূর সম্ভব পৌঁছাতে।”
