লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও আটজন আহত হন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এখন পর্যন্ত নিহত ও আহতদের সবার পরিচয় জানা যায়নি।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
