মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যু

মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যু

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

দেশটির গণমাধ্যম বারনামাকে সিতি হাসমাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির।

১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গরের ক্লাংয়ে জন্মগ্রহণ করেন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী। তিনি মালয়েশিয়ার প্রথম দিকের মালয় নারী চিকিৎসকদের অন্যতম ছিলেন। চিকিৎসা, জনস্বাস্থ্য ও সমাজসেবায় দীর্ঘ কর্মজীবনের জন্য তিনি দেশটির জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সিতি হাসমাহ সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম মেডিকেল কলেজে অধ্যয়ন করেন। ১৯৫৫ সালে তিনি চিকিৎসাবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে কেদাহেও তিনি কাজ করেন।

কর্মজীবনে জনস্বাস্থ্য, বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার ওপর তিনি গুরুত্ব দেন। চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন।

১৯৫৬ সালে ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সাত সন্তান রয়েছে। তাদের সন্তানদের মধ্যে সমাজকর্মী ও লেখক মারিনা মাহাথির এবং কেদাহর সাবেক মেন্তেরি বেসার মুখরিজ মাহাথির উল্লেখযোগ্য।