সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ইনজুরি নিয়ে ছিটকে গেছেন এবং সামনে বড় প্রতিপক্ষ। উয়েফা নেশনস লীগের হাইভোল্টেজ ম্যাচে আজ বড় পরীক্ষা জিনেদিন জিদানের ফ্রান্সের। গ্রুপ ‘এ’-এর ম্যাচে ব্রাসেলসের স্তাদে রয় বাউদুইন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পরাশক্তি বেলজিয়াম-ফ্রান্স। খেলা শুরু রাত পৌনে ১টায়। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে নিজেদের জয়রথ অব্যাহত রাখতে মুখিয়ে আছে ‘লে ব্লু’রা। অন্যদিকে, মার্ক ভ্যান বমেলের অধীনে প্রথম ম্যাচে ইতালিকে ২-০ গোলে হারিয়ে বেশ উজ্জীবিত বেলজিয়াম। তবে এই ম্যাচের আগে আলোচনায় এমবাপ্পের ইনজুরি।
তুরস্কের বিপক্ষে গত শুক্রবারের ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় ফ্রান্স। সেই ম্যাচে জয়সূচক গোলটি করার পর বাঁ হাঁটুতে মারাত্মক চোট পান এমবাপ্পে। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, অন্তত কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে। বেলজিয়াম সফরের আগেই মাদ্রিদে ফিরে গেছেন তিনি। এটি কেবল জিজানের দলের জন্যই নয়, বরং তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০৭তম ম্যাচটি খেলে প্যাট্রিক ভিয়েরার সমান রেকর্ড গড়ার পর এক বিশাল ব্যক্তিগত ধাক্কাও বটে।
এমবাপ্পের অনুপস্থিতিতে ফরাসি ডাগআউট ও মাঠে দেখা যাবে নতুন নেতৃত্ব। ‘লেকিপ’-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমান স্কোয়াডের সবচেয়ে সিনিয়র সদস্য হিসেবে (৬৮ আন্তর্জাতিক ম্যাচ) বেলজিয়ানদের বিপক্ষে আর্মব্যান্ড পরে মাঠে নেতৃত্ব দেবেন উসমান দেম্বেলে। গত শুক্রবার তুরস্কে এমবাপ্পে মাঠ ছাড়ার পর অন্তর্বর্তীকালীনভাবে অধিনায়কের দায়িত্ব পালন করেন এই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড।
সেদিন ম্যাচশেষে দেম্বেলে বলেন, ‘তুরস্কের কঠিন মাঠে এবং উত্তপ্ত পরিবেশে ম্যাচটি সহজ ছিল না। তবে আমাদের পুরো সপ্তাহের প্রস্তুতি দারুণ ছিল। আমরা রক্ষণভাগে যেমন জমাট ছিলাম, তেমনি আরও এক-দুটি গোল বেশি করতে পারতাম। কোচ জিদান আমাদের ৪-৩-৩ ফর্মেশনে ফুটবল খেলতে, মাঠে একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং গতিশীল ফুটবল উপহার দিতে বলেছেন। বেলজিয়ামের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।’ অন্যদিকে, বেলজিয়াম কোচ বমেলের জন্য এটি ঘরের মাঠে প্রথম ম্যাচ। ইতালিকে ২-০ গোলে হারানোর আত্মবিশ্বাস তো আছেই, পাশাপাশি ঘরের মাঠে তাদের সাম্প্রতিক নয় ম্যাচের অপরাজিত ধারাও ফরাসিদের বিপদে ফেলতে পারে। যদিও ফ্রান্সের বিপক্ষে শেষ পাঁচবারের দেখায় প্রতিবারই হারের তেতো স্বাদ পায় রেড ডেভিলরা। তবুও ঘরের মাঠে মিকা গডটস, কেভিন ডি ব্রুইনা এবং চার্লস ডি কেটেলারেদের নিয়ে গড়া আক্রমণভাগ জিদানের রক্ষণভাগের জন্য এক কঠিন হুমকি। মাংসপেশির চোটের কারণে লিয়ান্দ্রো ট্রোসার্ডকে পাচ্ছে না বেলজিয়াম। তবে তাদের তরুণ ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ।
ফরাসিরা তাদের সামপ্রতিক অ্যাওয়ে ফর্মের ওপর ভরসা রাখতে পারে। শেষ নয়টি অ্যাওয়ে ম্যাচের আটটিতেই জয় তুলে নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পক্ষান্তরে, বেলজিয়াম তাদের হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে ফরাসিদের বিপক্ষে দীর্ঘ এক দশকের জয়খরা কাটাতে মরিয়া। একই রাতে পৌনে ১টায় রয়েছে আরো দুটি বড় ম্যাচ। গ্রুপ ‘এ’-এর আরেক ম্যাচে তুরস্কের মাঠে নামবে ইতালি। একই সময়ে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে সুইডেনের মাঠে তাদের বিপক্ষে খেলবে রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ড।
