রাজধানীর মিরপুর-১ এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে।
রোববার ডিএমপি মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ‘রাড্ডায়’ হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়।
এর আগে শনিবার এ ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার প্রসিকিউশন বিভাগের এসআই। কারাগারে পাঠানো আসামিরা হলেন—মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।
