ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বিমান ও ড্রোন হামলা তীব্র আকার ধারণ করেছে। শনিবার উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। তীব্র সংঘাতের এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা করার আহ্বান জানিয়েছেন। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি।
কর্মকর্তারা জানান, ইউক্রেনজুড়ে রাশিয়ার নতুন দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। জাপোরিঝঝিয়া ও সুমি শহরে দুইজন করে বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এছাড়া রাজধানী কিয়েভে আবাসিক ও বাণিজ্যিক ভবনে রুশ ড্রোন আঘাত হেনেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভে তাদের হামলায় স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। এতে উভয় পক্ষের সীমান্তবর্তী ও অধিকৃত অঞ্চলে প্রাণহানি ঘটেছে।
সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যেই ডনাল্ড ট্রাম্প বলেন, আসন্ন শীতের আগেই জেলেনস্কি ও পুতিন একটি চুক্তিতে পৌঁছাবেন বলে তিনি আশা করেন। ট্রাম্প বলেন, তিনি চান জেলেনস্কি পুতিনের সঙ্গে রফা করুক। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মস্কো প্রতিদিন হামলা আরও নৃশংস করে তুলছে। যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তর্জাতিক অংশীদারদের রাশিয়ার ওপর আরও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
